হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজি চালিত অটোরিকশা চালক উপজেলার জয়পুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (২৭) ও যাত্রী বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী (১৫)।নিহত শোয়েব স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন-বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের রহিম উল্লাহ (৫০) ও একই উপজেলার দ্বারাগাঁওয়ের মিজান মিয়া (৩০)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাহুবল উপজেলার মিরপুর থেকে অটোরিকশায় তিন যাত্রী নিয়ে চারগাঁও গ্রামে যাচ্ছিলেন জাহাঙ্গীর। পথে নতুনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টরের (পাওয়ার টিলার) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী শোয়েব নিহত এবং অটোরিকশা চালক জাহাঙ্গীরসহ অপর তিনজন আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীরও মারা যান।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ আধাঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এআই