খুলনার কয়রা উপজেলার পল্লী থেকে একটি বাঘের চামড়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লবনচরাস্থ র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে র‌্যাব সদস্যরা কয়রা উপজেলার সাতালিয়া গ্রামের আলতাফ হোসেনের বাড়ির পাশ থেকে বাঘের চামড়াসহ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গাস্থ গোবরচাকা মেইন রোড এলাকার মৃত. শেখ পিয়ার মোহাম্মদের ছেলে শেখ মনিরুজ্জামান (৪৫) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ৭৩ নম্বর দড়িগাঁও এলাকার আনোয়ার আলীর ছেলে মো. রমজান আলী (৪০)। উদ্ধারকৃত চামড়াটির দৈর্ঘ্য ৭ ফুট ১ ইঞ্চি এবং লেজসহ দৈর্ঘ্য ৯ ফুট ১১ ইঞ্চি। প্রস্থ ২ ফুট ৪ ইঞ্চি। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। উদ্ধারকৃত চামড়া বন ও পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-৬-এর টুআইসি মেজর মো. সুরুজ মিয়া জানান, বন্য প্রাণী সংরক্ষণ ও সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এমই