কিশোরগঞ্জের ভৈরবে আনসার ভিডিপি ক্যাম্পের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সজল (২৫) ও মনির হোসেন (২৮) নামে দুই যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে আসা এমকে সুপার পরিবহন ভৈরব আনসার ভিডিপি ক্যাম্পের সামনে পার্কিং করে রাখে। হঠাৎ রাত ৯টার দিকে বাসে আগুন দেখে স্থানীয়রা দৌড়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে বাসের ৮০ ভাগ পুড়ে যায়।
ভৈরব থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার সজল ও মনির হোসেন নামে দু’জনকে জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
কেএইচ





