টানা তাপদাহের পর একপশলা বৃষ্টি জনজীবনে স্বস্থি ফিরিয়ে আনলেও এখন অঝোর বৃষ্টিতে নাজেহাল অবস্থায় পড়েছে ময়মনসিংহের মানুষ। বৃহস্পতিবার বৃষ্টির পর শুক্রবারও টানা অঝোর বর্ষণে শহরের রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নোংরা পানি ঢুকে পড়ে বাড়ির আঙ্গিনায়। যানবাহনসহ সাধারণ মানুষ পড়ছে চরম ভোগান্তিতে।

বর্ষা আসার আগেই রাস্তাঘাটে এমন জলাবদ্ধতা, বর্ষা আসলে যাতায়াত ব্যবস্থা কি হবে - এমনটাই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে শহরে বসবাসরত কর্মজীবী সাধারণ মানুষের মনে।

এদিকে শুক্রবার নিবন্ধন পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা পড়েন চরম পরিবহন সংকটে। দীর্ঘক্ষণ গাড়ির অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত হাঁটু পানি ভেদ করে তাদের যেতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। অনেককে বাড়তি ভাড়া গুণতে হয়েছে।

এদিকে প্রচুর জলাদ্ধতার কারণে কিছু কিছু মোড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফুলবাড়ীয়া পুরাতন বাস্ট্যান্ড, জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি. কে. ঘোষ রোড, ব্রাহ্মপল্লী, নাটকঘর লেন, আমলাপাড়া, চড়পাড়া, স্বদেশী বাজার, নওমহল, মেছুয়া বাজার, রামবাবু রোড প্রভৃতি এলাকায় নর্দমার পানি রাস্তায় উঠে আসায় পথচারী মানুষদেরকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়েছে। রাস্তার ধারে জমে থাকা আবর্জনা সামান্য বৃষ্টিতে নালায় পড়ে নালামুখ বন্ধ হয়ে যাওয়ায় এসব পানি আটকে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, আবাসন ব্যবস্থা ও জনগণের অসচেনতা বৃদ্ধি করতে না পারলে সামনে বর্ষায় শহরবাসীকে আরো চরম দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন অভিজ্ঞরা। তারা পৌরসভার কাছে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করাসহ এসব সমস্যা সমাধানের দাবি জানান।

জেডআই