ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট। তিনি বর্তমান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হবেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ মে মার্সিয়াকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে শনিবার সকালে এই ঘোষণার কথা জানানো হয়েছে।
মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিক্যাট একজন পেশাদার কূটনীতিক। পেশা জীবনে তিনি পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা, মন্ত্রীর পরমর্শক ছিলেন। সবশেষ তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগের উপ সহকারী সচিব হিসাবে কর্মরত রয়েছেন। এই পদে তিনি ২০১২ সাল থেকে বহাল আছেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন।
২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক অফিস পরিচালক হিসাবে তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগে উচ্চ পর্যায়ের পরিচালক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কাজ করেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ব্রিজটাউন, বার্বাডোস এর যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি লিলঙ্গু, মালাউই-এ যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় যুক্তরাষ্ট্র কনস্যুলেট এর প্রিন্সি্পাল অফিসার এর দায়িত্ব পালন করেছেন।
তিনি নয়াদিল্লীর যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ- রাজনৈতিক পরামর্শক হিসাবে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত কাজ করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পুর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ইন্ডিয়া ও নেপালের ডেস্ক অফিসার হিসাবে কাজ করেছেন।
পেশা জীবনের শুরুর দিকে বারনিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ও ফ্রান্স এর মার্সেই এর কন্স্যুলার অফিসার জন হোয়াইটহেড এর বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন। মালির বামাকোতে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক অফিসার ও কনস্যুলার হিসাবে কাজ করেছেন। রাষ্ট্রদূত বার্নিক্যাট লাফায়াতে কলেজ থেকে তার বি এ এবং জর্জটাউন বিশ্ব বিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস [/b]