রংপুর-ঢাকা রুটে বুধবার দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্শঘটের ডাক দিয়েছে।

এদিকে আকস্মিক এ ধর্মঘটের ফলে যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ধর্মঘটের কারণে রংপুর-ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার বন্ধ থাকায় টিকিট কাটা যাত্রীরা আরও বেশি দুর্ভোগে পড়েছেন।

রংপুর আগমনী কাউন্টারের ম্যানেজার ফজলু জানিয়েছেন, গাড়ি চলবে কি না-এখনও বলতে পারছি না। তবে দুপুরের পর খোঁজ নিয়ে দেখতে পারেন বলেই ফোনের লাইন কেটে দেন।

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ জানান, তাদের দাবি পূরণ না হলে বিভাগের ৮ জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য সব যান চলাচল বন্ধ করে দেয়া হবে।

জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, বুধবারও পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় রংপুর থেকে ঢাকার উদ্দেশে কোনো গাড়ি ছেড়ে যায়নি।

উল্লেখ্য, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যা করার হুমকি প্রদান, মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়াসহ জড়িত মোটর মালিক সমিতির লোকদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে রংপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর