বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হয়েছে।
আজ (১১ সেপ্টেম্বর) শুধু প্রশ্নোত্তরপর্ব শেষ করে অধিবেশন বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
আজ বিকাল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট হয়। এসময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।
সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জেনারেটর দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় ১০ মিনিট পর। মাগরিবের নামাজের আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।
পরে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, “মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার কারণে সংসদে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।”
অধিবেশন মুলতবি ঘোষণার পর অবশ্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে অধিবেশন কক্ষ এবং প্রয়োজনীয় কয়েকটি ব্লকে জেনারেটরের মাধ্যমে কাজ চালানো হয়।”
সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস, তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, দুটি বিল নিয়ে স্থায়ী কমিটির প্রতিবেদন, একটি বিল উত্থাপন এবং একটি বিল পাসের কর্মসূচি ছিল।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, স্থগিত হওয়া কর্মসূচিগুলো বুধবার নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত রোববার বিকাল থেকে শুরু হয়। নিয়ম রক্ষার স্বল্পকালীন এই অধিবেশন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে। যুগান্তর, বিডিনিউজ।
এমবি





