জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সড়কের পাশ থেকে ১১টি মেহগনিগাছ কেটে নেওয়ার অপরাধে ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জামালপুরের বিচারিক হাকিম নিস্কৃতি হাকিদক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন ও তাঁর বড় ভাই ওই আদালতে এদিন হাজিরা দিতে গেলে আদালতের বিচারক নিস্কৃতি হাকিদক চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তাঁর বড় ভাইয়ের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, চেয়ারম্যানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন বারইপটল-ফুলদহেরপাড়া সড়কের পাশ থেকে ১১টি মেহগনিগাছ শ্রমিক দিয়ে কেটে নেন।

এ ঘটনায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জাওয়াইল ইউনিয়নের বেড়াটাকি গ্রামের এস এম নুরুল ইসলাম ১ আগস্ট জামালপুর বিচারিক হাকিমের আদালতে ওই চেয়ারম্যান ও তাঁর বড় ভাই লুৎফর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। এরপরে আদালত ২ আগস্ট মামলাটি আমলে নেন।

এমবি