লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহাজাত হোসেন (২০) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুজন ও শামিম নামে দুজনকে আটক করেছে কালিগঞ্জ পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মদাতী ইউনিয়নের কাগজীটারি এলাকার ধানক্ষেত থেকে শাহাজাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহাজাত হোসেন উপজেলার মদাতী ইউনিয়নের খালিসা মদাতী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

আটক সুজন একই এলাকার আজিজার রহমানের পুত্র ও শামিম উপজেলার কিসামত মদাতী গ্রামের আমিরুল হকের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি শাহাজাত। অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। তার পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে প্রথমে সুজন নামের এক যুবককে আটক করা হয়। পরে সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ওই ইজিবাইকসহ শামীমকে আটক করে সদর থানার এসআই আসাদ। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর রাতে মদাতী ইউনিয়নের কাগজীটারি এলাকার ধানক্ষেত থেকে শাহাজাতের মরদেহ উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মরদেহ বুধবার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

নুরনবী/এমবি