নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আর সংগঠনটির দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা।
আজ (২০ নভেম্বর) বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সারাদেশ থেকে সংগঠনটির নেতারা এসে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকায় এর সময় চূড়ান্ত করা হয়নি।
বুধবার (২০ নভেম্বর) থেকে ডাকা সংগঠনটির কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে কিনা তাও জানানো হয়নি।
গতকাল (মঙ্গলবার) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মনিপুরী পাড়ার বাসায় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতা মতবিনিময় করার পর এই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল (১৯ নভেম্বর) মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে অবস্থিত ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। এসময় লিখিত বক্তব্যে আইনটি স্থগিত করে সংশোধনের জন্য ৯ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান।
এমবি





