ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ গেটের সামনে এক বখাটের ধারালো ক্ষুরের আঘাতে একাদশ শ্রেণীর এক ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে শহরের ৯ নং ওয়ার্ড শিলাসী এলাকায় গফরগাঁও মহিলা কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রীর পরিবারের অভিযোগ উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে জাহিদ (১৯) ওই ছাত্রীর উপর হামলা করেছে।

ছাত্রীর পিতা (রোকন মিয়া) ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গফরগাঁও মহিলা কলেজের ছাত্রী (জান্নাত) কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে কলেজের গেইটের সামনে এসে রিকশা থেকে নামার পরপরই আগে থেকেই ওতপেতে থাকা বখাটে জাহিদ ওই কলেজ ছাত্রীকে জাপটে ধরে। এরপর তার হাতে থাকা ধারালো ক্ষুর দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে তিনটি আঘাত করে। দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে বখাটে জাহিদ দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা কলেজ ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কলেজ ছাত্রীকে বেশ কিছুদিন যাবত কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতো বখাটে জাহিদ ও তার বন্ধুরা। কলেজ ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে কলেজ ছাত্রীর পিতা বিষয়টি বখাটে জাহিদের পিতাকে জানায় এবং তার মেয়ে যেন এই বখাটেপনার হাত থেকে রক্ষা পায় সে ব্যবস্থা নিতে অনুরোধ করে। এরপর থেকে বখাটে জাহিদ প্রতিহিংসাপরায়ন হয়ে উঠে। সর্বশেষ শনিবার সকালে কলেজ গেইটের সামনে বখাটে জাহিদ ধারালো ক্ষুর দিয়ে ছাত্রীর বাম গালে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্বরত চিকিৎসক ডাঃ নাইমা আফরিন বলেন, ওই ছাত্রীর বাম গালে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এই কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচএসসি ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার জন্য ছুটির দিনেও পরীক্ষা নেয়া হচ্ছিল।

এন/ইউ/শো