লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মো: জামাল নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

টানা ২১দিন স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মারা যান তিনি।

বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৬ জনে।

নিহত জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। তার বাবার নাম দুধ মিয়া। তিনি ২০১৮ সালে কোম্পানি ভিসায় লেবানন যান।

বিস্ফোরণের সময় সে বৈরুত বন্দর সংলগ্ন ঝিমাইজি এলাকায় একটি পিজা সপে কাজ করছিল। বিস্ফোরণে পিজা সপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে জামাল মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে মাউন্ট লেবানন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২১দিন পর মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ০৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরের কেমিক্যাল বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত ও শতাধিক বাংলাদেশি আহত হয়। বৈরুতের এই বিস্ফোরণের কারণে ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

এছাড়া দেশটির সামগ্রিক অর্থনীতি এক হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতির শিকার হয়েছে। বিস্ফোরণের পর দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।

এমবি