নাটোরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শওকত আলী প্রামাণিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত আলী প্রামাণিক নলডাঙ্গা থানার বিপ্রবেলঘড়িয়া গ্রামের অছিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও এলাকাবাসী জানান, সদর উপজেলার রেলগেট এলাকায় রাজশাহী থেকে নাটোরগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত ও অন্তত ছয় যাত্রী আহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

ইআর