সুইডিশ একটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতের ঘড়ির মূল্য প্রায় ৩৪ হাজার ডলার। রোলেক্সের সেই ঘড়িটির বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ টাকা। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেছেন, ঘড়িটি উপহারের।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক খবরের প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘড়িসহ অন্য সবকিছুই উপহারের। কাজেই আল-জাজিরাসহ যারা ওই সংবাদটি প্রচার করেছে, তারা কিসের ভিত্তিতে করেছে, আমার জানা নেই। এটি তাদের বিষয়।’

তিনি বলেন, ‘এই রকম আপনি যদি নিয়ে আসেন, আমাকে উপহার দেন, আমি কী করব। এটা গিফট আইটেম, এটা আমার নিজের নয়। এটা সড়কের সঙ্গে কোনো....। আমি তো বুকে হাত দিয়ে বলতে পারব, আমি কোনো কন্ট্রাক্টর থেকে, আমি কোনো কন্ট্রাক্টরকে এখানে বসতেও দেই না। আমার সঙ্গে কোনো কন্ট্রাক্টরের বৈঠকও হয় না, যেটা হত অতীতে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজকাল পদোন্নতির জন্য কোনো তদবির হয় না। আমার এখানে চিফ ইঞ্জিনিয়ার নেক্সট সিনিয়র ম্যান, ১০ দিন সময় (চাকরির মেয়াদ) আছে, তাকেও আমি চিফ ইঞ্জিনিয়ার করেছি কয়েক দিন আগে। আগে তো চিফ ইঞ্জিনিয়ার পদে যাওয়া মানে হলো বিশাল ব্যাপার। এসব তো আপনারাই শুনতেন।’

তিনি আরও বলেন, ‘কন্ট্রাক্টররা ইলেকশনের সময় আমাকে একটা অ্যামাউন্ট দিতে গিয়েছিল, আমি কিন্তু সরাসরি না করেছি। আমার ইলেকশনের টাকা প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। আমার কারো থেকে টাকা নিতে হয়নি।’

প্রসঙ্গত, সুইডেনভিত্তিক নিউজ সাইট ‘নেট্রা নিউজ’ এর ২৬ ডিসেম্বরের এক সংবাদে দাবি করা হয়, ওবায়দুল কাদেরের হাতের ঘড়িটির দাম তার বার্ষিক আয়ের সমান। এই খবর প্রকাশের ৭২ ঘণ্টা পর থেকে ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। ওয়েবসাইট বন্ধে করে দেওয়া এবং ঘড়ি প্রসঙ্গে বিস্তারিত খবর প্রকাশ করে আল-জাজিরা।

এএইচ