সীমান্ত খুলে দিয়ে বিপুল রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করলেও ভাষানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন ‘স্থগিত’ চেয়েছে যুক্তরাষ্ট্র। স্বতন্ত্র বিশেষজ্ঞরা ভাষানচরকে বসবাসের জন্য উপযুক্ত হিসেবে উল্লেখ না করা পর্যন্ত এ পরিকল্পনা স্থগিত চায় দেশটি। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়া ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস বলেন, ‘স্বতন্ত্র বিশেষজ্ঞরা যতক্ষণ পর্যন্ত এটিকে (ভাষানচর) উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাষানচরে শরণার্থী স্থানান্তর স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি।’

কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যানের সভাপতিত্বে গত মঙ্গলবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরে হাউস অব ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক সাব কমিটির সামনে শুনানি শেষে তিনি এ আহ্বান জানান।

এর আগে রোহিঙ্গাদের ভাষানচরে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে গত ২১ অক্টোবর আলোচনা করে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেখানে বাংলাদেশ আবারও আশ্বাস দেয় যে, সেখানে স্বেচ্ছায় পুনর্বাসনে ইচ্ছুকদের নিয়ে যাওয়া হবে।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমও ভাষানচর নিয়ে একটি টুইট করেন। টুইটে একটি ভিডিও শেয়ারের পাশাপাশি ক্যাপশনে লেখেন, ‘রোহিঙ্গাদের পরিবারকে স্বাগত জানাতে ভাষানচর প্রস্তুত।’

মিয়ানমারের সরকারি বাহিনীর নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সময়ে আসা বাংলাদেশে রোহিঙ্গাদের মোট সংখ্যা ১১ লাখেরও বেশি।

এমআর