ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মান্দাইল এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত তপন চন্দ্র সরকার (৩০) সাভারের বাকুতা এলাকার গয়নাথ চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আক্কাস মিয়া জানান, তপন মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। শুক্রবার মান্দাইল এলাকার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান তিনি। সেখান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে শনিবার রাতে মান্দাইল এলাকার একটি পুকুরে একটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এসআই।
জেড