যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে ফেনসিডিল ও অস্ত্রসহ মোক্তার হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা

এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোক্তার ঢাকা সাভার উপজেলার যাদবপুর গ্রামের সৈয়দ আহমেদ আলীর ছেলে।

যশোরের খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মাসুদ জানান, বিকেলে যশোর-মাগুরা সড়কের খাজুরা এলাকায় টহল পুলিশের একটি দল বেসরকারি একটি টিভির স্টিকার লাগানো একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় দুইজন দৌড়ে পালিয়ে গেলেও মোক্তার নামে একজনকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি দেশীয় তৈরি বন্দুক, এক রাউন্ড শর্টগানের গুলি এবং তিনটি ক্যামেরা স্ট্যান্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেসরকারি ওই টিভি কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, তাদের স্টিকার জালিয়াতি করে কেউ এ কাজ করতে পারে। আটকদের সঙ্গে তাদের টিভির কোন ধরনের সম্পর্ক নেই।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এসআই।

এমই