চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টুবগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মাদ্রাসা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ঘণ্টাব্যাপি বিক্ষুব্ধ জনতা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে।
নিহতের নাম মো. ইউছুপ পাটওয়ারী।তার বাড়ি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পুর্ব ধানুয়া গ্রাম। তিনি চান্দ্রা লোহাগড় খন্দকার আতাউর রহমান মহিলা মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।
জানা গেছে, মো. ইউছুপ পাটওয়ারী সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে তার নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ অংশের টুবগী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউছুপ পাটওয়ারীর মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপি চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





