কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আমিরুল ইসলাম (৪৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার করিমপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বারুইপাড়া এলাকার ময়নাল বিশ্বাস ও সুলতান বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আমিরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগেও এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি ঘর ভাঙচুরেরও ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএইচ