রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যৌথ ডায়লগে অংশগ্রহণে সম্মত হয়েছে মিয়ানমারের প্রতিনিধিদল ও রোহিঙ্গারা। ওই ডায়লগে মিয়ানমার ও রোহিঙ্গা প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তবে কবে নাগাদ এ ডায়লগ অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
মিয়ানমারের প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আলোচনায় অংশ নেয়া রোহিঙ্গারা এমন তথ্য নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি মিয়ানমারের প্রতিনিধি দলের কেউ। কথা বলেননি বাংলাদেশের সংশ্লিষ্ট কোন কর্মকর্তাও।
প্রতিনিধিদলটি কাল রোববার রোহিঙ্গা হিন্দু ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমারের পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল শনিবার বিমানযোগে সকাল ১০ টায় কক্সবাজার পৌঁছেন। প্রতিনিধি দলটি বিমান বন্দর থেকে হোটেল রয়েল টিউলিপে যান।
এরপর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। যেখানে রোহিঙ্গা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের ৪০ জনের একটি দলের সাথে আলাপ আলোচনা শুরু করেন। যেখানে ১২ জন নারী ও ২৮ জন পুরুষ রোহিঙ্গা প্রতিনিধি ছিলেন।
২ দফার আলোচনা রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরে যেতে আহ্বান জানান মিয়ানমারের প্রতিনিধিরা। একই সঙ্গে ফিরে গেলে সেখানে কি রকম সুযোগ সুবিধা পাবেন তার সম্পর্কে ধারণা দেয়া হয়। এসময় রোহিঙ্গাদের পক্ষে নানা দাবি উত্থাপন করা হয়।
বৈঠকে অংশ নেয়া কয়েকজন রোহিঙ্গা জানান, বৈঠকে প্রত্যাবাসন ইস্যুতে যৌথ ডায়লগে সম্মতি জানিয়েছে মিয়ানমারের প্রতিনিধিরা।
রোববার রোহিঙ্গা হিন্দুক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে।
এমআর





