টানা ৫ দিনের দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে পায় ময়মনসিংহবাসী। তীব্র তাপদাহে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এতে করে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটতে শুরু করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই বৃষ্টির দেখা পায় শহরবাসী। ক্ষণিকের জন্য হলেও এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই।
তীব্র গরমে বহুল প্রতিক্ষিত একপশলা বৃষ্টিতে রাস্তায় অনেককে আনন্দে ভিজতে দেখা যায়। পথ শিশুরা বৃষ্টির পানিতে আনন্দে মেতে উঠে রাস্তায়। অনেকে আবার বাসার ছাদে ভিজতে থাকেন মনের আনন্দে।
কিন্তু হঠাৎ বৃষ্টিতে জন জীবনে স্বস্তি ফিরে আসলেও ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৫ জনের।
বৃহস্পতিবার সকালে জেলার ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ফুলপুল উপজেলায় বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যান কফিল উদ্দিন (৫৫) নামের এক ব্যাক্তি।
সকালে হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে কর্মক্ষেত্রেই মারা যান জমসেদ আলী (৫০) ও রুবেল মিয়া (৩০) নামের দুই কৃষক।
এছাড়া ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের পৃথক দুই ঘটনায় মারা যায় দেলোয়ার ও মোশারফ নামের ৩য় ও ৪র্থ শ্রেণীর দুই স্কুল ছাত্র।
কেএইচ





