ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে  যানবাহনে আগুন ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকাল থেকে ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।এদিকে যে কোনো প্রকার নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবু বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের যানবাহন অক্ষত রেখে আমাদের যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত সকল রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে।’

রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহতের ঘটনায় প্রায় ৫০টি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।

 

অপরদিকে একই ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে ৫টি পরিবহন সংগঠন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

কুষ্টিয়া বাস মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক মালিক সমিতি, ট্রাক-ট্যাংকলরি শ্রমিকসহ ৫টি সংগঠন রোববার দুপুরে এ ধর্মঘট আহ্বান করে।

কুষ্টিয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানিয়েছেন, ক্ষতিপূরণ ও দায়ীদের বিচার দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘটের ফলে কুষ্টিয়ার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

 

জেআই