সদ্য সমাপ্ত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরায় ঘটে যাওয়া ১৪টি ভোটকেন্দ্রে অনিয়মের কারণে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে তলব করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
ইসির উপ-সচিব মো. সামসুল আলম মঙ্গলবার (২২ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে। এর কারণ ব্যাখ্যা করতে এবং পুলিশের পদক্ষেপ জানাতে পুলিশ সুপারকে (এসপি) তলবের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি, কবে তাকে আসতে হবে। শিগগিরই পুলিশ সুপারকে তলব করে চিঠি পাঠানো হবে।
এদিকে ১৪টি কেন্দ্রে অনিয়মের কারণে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দিয়েছে কমিশন। এছাড়া দায়িত্বরত পুলিশদের বরখাস্ত করার জন্যও বলা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) নির্দেশনার চিঠিটি পাঠিয়েছেন উপ-সচিব মো. সামসুল আলম।
ক্ষেত্রে বন্ধ ঘোষিত ওই ১৪টি কেন্দ্রে যারা ভোট কারচুপি করেছেন এবং অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে বলা হয়েছে। এবং সংশ্লিষ্ট থানার ওসিকে বলা হয়েছে, মামলা গ্রহণের জন্য। একই সঙ্গে যে প্রার্থীর অনুকূলে সিল মারা হয়েছে, তাকে প্রধান আসামি করে মামলা ও গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এজন্য প্রত্যেকটি ভোটকেন্দ্রের সংঘটিত ঘটনার আলামত বুধবারই সংগ্রহ করে ওসিকে তা সংরক্ষণ করতে হবে।
নির্দেশনায় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদেরকেও দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান)১৯৯১ এর ৫ ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার কথাও বলা হয়েছে। এছাড়া কি ব্যবস্থা নেওয়া হলো তাও জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে ইসি।
২২ মার্চ ভোটগ্রহণের সময় সেসব ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউপির অভয়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার আলিপুর ইউপির আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (আলিপুর পূর্ব), মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (মাহমুদপুর পূর্ব), ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মাহমুদপুর উত্তর), গাংনিয়া সিনিয়র মাদ্রাসা, শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী এমইউ দাখিল মাদ্রাসা (শৈলখালী), কলারোয়া উপজেলার কুশডাঙ্গা ইউপির কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকদহ দাখিল মাদ্রাসা, কেরালকাতা ইউপির বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপির খেঁজুরবাড়ীয়া সরকাররি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
প্রথম ধাপের ইউপি নির্বাচনে সারাদেশে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া নির্বাচনী অনিয়মের কারণে অন্তত ৬৫টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ৭১২ ইউপির প্রায় সাড়ে ৬ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করেছে ইসি।
এম আর





