স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও চড় মারায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন (২২) ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকার মৃত মোখলেছ মোল্লার ছেলে। তিনি একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করেন।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন জানান, বখাটে মনির ওই স্কুলছাত্রীকে প্রতিদিন স্কুলের সামনে উত্ত্যক্ত করতো।
বুধবার সকালে উত্ত্যক্তের সময় প্রতিবাদ করলে বখাটে মনির স্কুলছাত্রীকে চড় মারেন। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়। এরপর ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরকে কারাদণ্ড দেয়।
কেএইচ





