আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আয়োজনে ১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স আগামী ২৮ অক্টোবর শুরু হচ্ছে। এতে অংশগ্রহণ করছেন ৭০টি বিশ্ববিদ্যালয় ও ১৮টি দেশের গবেষক।
শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠেয় ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জামিলুর রেজা চোধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামুসল ইসলাম, ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভাইরনমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. কামারুজ্জামান সিমন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. এম কায়কোবাদ, কাশেম নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী এবং আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন আইআইইউসি’র ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর এবং কমিটি কনভেনার প্রফেসর ড. দেলাওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মনিরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব তানভীর আহসান।
উল্লেখ্য,আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রায় সবকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৮টি দেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক-প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। কনফারেন্সে প্রাপ্ত ২৭৯টি প্রবন্ধের মধ্যে ৭৮টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া ৬টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপিত হবে। কনফারেন্সটির কো-স্পন্সর আই ট্রিপল ই টেকনিক্যাল সেকশন।
জেড





