জাতীয় শোক দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্র জানিয়েছে, আগামীকাল (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথভাবে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালিত হবে। এদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ধানমণ্ডি-৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।

এসময় ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মী’সহ সাধারণ মানুষের আগমন ঘটবে। এই উপলক্ষে ধানমণ্ডি-৩২ এর চতুর্দিকের সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

১৫ আগস্ট ভোরবেলা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ধানমণ্ডি ২৭ নম্বর পূর্ব মাথা থেকে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমণ্ডি ২ নম্বর রোড ক্রসিং পর্যন্ত (মিরপুর রোড) বন্ধ থাকবে।

এছাড়া, প্রয়োজনে গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত পরিবহনসমূহ মানিক মিয়া এভিনিউ বামে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে, নিউমার্কেটমুখী গাড়িসমূহকে ধানমণ্ডি-২৭ নম্বর পূর্ব মাথা হতে ২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে সাত মসজিদ রোড- ধানমণ্ডি ২ নম্বর রোড, সিটি কলেজ হয়ে সাইন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেওয়া হতে পারে।

শাহবাগ বা নিউমার্কেট হতে সায়েন্স ল্যাবরেটরির দিকে আগত গাবতলী ও এয়ারপোর্টগামী গণপরিবহনসমূহ ধানমণ্ডি ২ নম্বর রোড হয়ে জিগাতলা-সাত মসজিদ রোড- ধানমণ্ডি ২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে ২৭ নম্বর রোড পূর্ব মাথা হয়ে যাবে। পান্থপথ ক্রসিং হতে রাসেল স্কয়ারের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ শেষে স্থান ত্যাগ করার পর সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসবে।

এসময় জনসাধারণের গাড়িসমূহ রাসেল স্কয়ার হতে ধানমণ্ডি ৬ নম্বর রোডের উভয় পাশে এক লাইনে এবং রাসেল স্কয়ার হতে পান্থপথ ক্রসিং পর্যন্ত উত্তর লেনে এক লাইনে গাড়ি পার্কিং করতে পারবে। 

এমবি