সিরাজগঞ্জের চৌহালীর মিটুয়ানীতে বৃহস্পতিবার সকালে নৌকাডুবির ঘটনায় দিলু বেগম (২৫) নামে আরো এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ৮।

শুক্রবার দুপুরে পাবনা জেলার যমুনা নদীর ভাটিতে ভেসে উঠলে লাশটি এলাকাবাসি উদ্ধার করে।

উদ্ধারকৃত দিলু বেগম চৌহালী উপজেলার জোতপাড়া গ্রামের আকতার হোসেনের স্ত্রী। চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার লাশ উদ্ধারের কথা জানিয়ে বলেন, উদ্ধারকৃত দিলু বেগম তার নিকটাত্মীয়।

এদিকে শুক্রবার সকালে বিআডাব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ আশা-১ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। বিআইডাব্লিউটিএ’র  যুগ্ন পরিচালক এ কে এম শাহজাহান হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল এলাকায় উদ্ধার কাজ শুরু করলেও কোনো লাশ উদ্ধার হয়নি।

নদীতে ডুবে থাকা নৌকাটি উদ্ধার করার চেষ্টা করেও তারা সফল হতে পারেননি। বিকেল পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও কোনো লাশ বা ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা যায়নি।

উদ্ধার কাজে ঢাকা থেকে দমকল বাহিনীর ৫ সদস্যের ডুবুরি দলও অংশ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীও লাশ উদ্ধারের জন্য দিনভর নদীতে অভিযান চালিয়েছে।

সরকারিভাবে উদ্ধার কাজ সাময়িক বন্ধ থাকলেও এলাকাবাসী অভিযান অব্যহতভাবে চালিয়ে যাচ্ছে। অনেকে তাদের স্বজনদের খোঁজেও নদীতে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

এ ব্যাপারে বিআইডাব্লিউটিএ’র  যুগ্ন পরিচালক এ কে এম শাহজাহান হোসেন জানান, আরো কিছু যন্ত্রাপাতি প্রয়োজন হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌছলে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে।

এদিকে, নদীর পাড়ে অসংখ্য মানুষ তাদের স্বজনের লাশ পেতে অপোর প্রহর গুনছে। শুক্রবার দুপুর পর্যন্ত কোনো লাশ উদ্ধার না হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। স্বজন হারিয়ে অনেককেই নদীর পাড়ে বসে কাঁদতে দেখা গেছে।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উদ্ধার অভিযান চলছে। ডুবুরিদল ও বিআইডব্লিউডি’র সদস্যরা থেকে সর্বাত্বকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বৃহষ্পতিবার সকালে মিটুয়ানী বাজার ঘাট এলাকা থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি নৌকা চরসলিমাবাদ ঘাটে যাচ্ছিলো। নৌকাটি রওয়ানা দেয়ার পরই নদীর মধ্যে অবস্থিত একটি পরিত্যাক্ত সেতুর সাথে সজোরে ধাক্কা লেগে ডুবে যায়।

এ সময় অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও অধিকাংশ যাত্রীরা নদীর স্রোতে ভেসে যায়। ঘটনার পর পরই এলাকাবাসীরা নিজ উদ্যেগে উদ্ধার কাজ শুরু করে।

বৃহষ্পতিবার দিনভর ৭টি লাশ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে আরো একজনের লাশ পাবনা জেলায় পাওয়া যায়। ২ দিনে এ পর্যন্ত ৮ জনের নৌকাযাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ