রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর গ্রামের বাড়ির মসজিদের ইমাম ও স্থানীয় এক মাদ্রাসার শিক্ষককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোররাতে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে পরিবার জানায়। তবে পুলিশ বলছে, তাঁদের আটক করা হয়নি।

ওই দুই ব্যক্তি হলেন দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও খাজাপাড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)।

দরগামাড়িয়া গ্রামের জামে মসজিদের ইমাম ও স্থানীয় ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক রায়হান আলীর স্ত্রী শাহারা খাতুনের ভাষ্য, ভোররাতে পাঁচ থেকে ছয়জন সাদাপোশাকের লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বাড়িতে ঢুকে স্বামীকে ধরে নিয়ে যান। কী কারণে নিয়ে যাওয়া হয়, তা তিনি জানেন না।

খাজাপাড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসার ভাষ্য, তাঁর স্বামীকেও একই কায়দায় ভোররাতে নিয়ে যাওয়া হয়েছে।

ইমাম ও মাদ্রাসাশিক্ষকের দুই স্ত্রীর ভাষ্য, সকালে তাঁরা থানা ও স্থানীয় র্যা ব ক্যাম্পে খোঁজ নিয়েছেন। কোনো হদিস পাননি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের ভাষ্য, পুলিশ তাঁদের আটক করেনি। তাঁরা এ বিষয়ে কিছু জানে না।

এসএম