মোটর শ্রমিক, মালিক সমিতি ও ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

পুলিশ কর্তৃক শ্রমিক নির্যাতন, থ্রি-হুইলার, ইঞ্জিনচালিত নসিমনসহ সড়কে বিভিন্ন অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।

এর আগে টানা ৬ দিন ধর্মঘট চললেও প্রশাসন বিষয়টি সুরাহার কোনো উদ্যোগ না নেয়ায় শ্রমিক সংগঠনটি আবারও ধর্মঘটের ডাক দেয়।

এতে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ জেলার ৪টি উপজেলার প্রত্যেকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে ঢাকাগামী যাত্রীরাসহ সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এ ব্যাপারে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বাবলু পরিবহন ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিক নির্যাতন ও সড়কে অবৈধ যানবাহন বন্ধে দীর্ঘদিন ধরে উদ্যোগ নেওয়ার কথা বললেও প্রশাসন তা করেনি।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর