বেনাপোল বাজারে রাতের আধারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালু ফেলে দখলে নিয়েছেন স্থানীয় ভূমিদস্যু নাসির। সেখানে তিনি একটি টিনসেড ঘর তৈরী করেছেন।

পরে শনিবার বেলা ১২টার দিকে স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘরটি ভেঙে ফেলে। এ সময় অবৈধ দখলদারের গ্রেফতারের দাবিতে ঢাকা-কলকাতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বন্ধ হয়ে যায় আমদানি রফতানি পন্য পরিবহনসহ সব ধরণের যানবাহন।

এক পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।

জানা গেছে, কয়েক-মাস আগেও কয়েকবার এই ভূমিদস্যু তার ভাড়াটে গুন্ডা-মাস্তান দিয়ে স্কুলের এই সরকারি জমি জবরদখলের চেষ্টা করে ব্যর্থ হয়।

এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি রহমত আলী বলেন, দীর্ঘ ৫০ বছর যাবত এ জমিটি স্কুলের খেলার মাঠ হিসেবে আছে। কিন্তু এ জমিটি স্থানীয় নাসির নামক এক ভুমিদস্য গতকাল রাতের আধারে দখল করে একটি টিনসেড ঘর তৈরী করে। এ কারণে দুপুর ১২টার দিকে বিক্ষুদ্ধ স্কুল শিক্ষার্থীরা ঘরটি ভেঙে ফেলে এবং অবৈধ দখলদার গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-কলিকাতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এ ব্যাপারে শার্শা ঊপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম শরীফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। জমির বিষয়ে কেউ বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএ, জেএ