শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে গাড়িতে নিয়ে উত্তর সিটির বিভিন্ন জায়গায় ঘুরেছেন। ময়লা-আবর্জনা পরিদর্শন করেছেন, কোথায় আরও ভালো করা যায় তা দেখেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমি নিজেও সেই বহরে ছিলাম।’

তিনি বলেন, ‘এটি একটি নির্বাচিত সরকার এবং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। আগামী নির্বাচনে আবার জনগণের কাছেই যেতে হবে। তাই যেমন সাংবাদিকদের দায়িত্ব মানুষের সমস্যা তুলে ধরা, তেমনি সরকারের দায়িত্ব সেসব সমস্যার সমাধান করা।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা মহানগরের সেবায় সিটি করপোরেশন, ওয়াসা ও রাজউক একসময় আলাদাভাবে কাজ করায় সমন্বয়ের ঘাটতি ছিল। এক সংস্থা অন্য সংস্থার ওপর দায় চাপাত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসব প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে।’

তিনি জানান, হাতিরঝিল, গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা লেকের রক্ষণাবেক্ষণে রাজউকের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সিটি করপোরেশন ও ওয়াসাকে সমন্বিত করা হয়েছে। একইভাবে ধানমন্ডি লেকও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে দীর্ঘমেয়াদে হস্তান্তর করা হয়েছে। সেখানে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, আধুনিক গণশৌচাগার, আলোকসজ্জা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি রবীন্দ্র সরোবরের আদলে একটি ‘নজরুল সরোবর’ নির্মাণের পরিকল্পনাও অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। রাজধানীতে এখনও পর্যাপ্ত ময়লার বিন (বক্স) নেই। আগে লোহার বা স্টিলের বিন চুরি হয়ে যেত। তাই এবার ফাইবারের বিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার পুনর্বিক্রয় মূল্য না থাকায় চুরির আশঙ্কাও কম। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে হাজার হাজার ফাইবারের বিন কেনার জন্য দরপত্র আহ্বান করেছে।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন লেক ও উন্মুক্ত স্থানে নিরাপত্তা জোরদারে আনসার সদস্যের সংখ্যা বাড়ানোর জন্য রাজউককে অনুরোধ করা হয়েছে, যাতে সন্ধ্যার পর কোনো ধরনের অপরাধ বা মাদকসেবনের ঘটনা না ঘটে।

এর আগে রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র দেখতে বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচলসহ নগর সেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এস