প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন।

শনিবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকালে বর্ণিল ও সুশৃঙ্খল বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন কনটিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পাশাপাশি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, ‘বিপিএম সেবা’ ও ‘পিপিএম সেবা’ পদক প্রদান করা হবে।

পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, আইজিপি ব্যাজ প্রদান, অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ-২০২৬ শেষ হবে।

এস