শ্রমিক বিক্ষোভে ‘উসকানি ও শৃঙ্খলাভঙ্গের’অভিযোগে আড়াইশ শ্রমিককে আসামি করে দুটি মামলা করেছে আশুলিয়ার দুটি পোশাক কারখানার মালিকপক্ষ।

উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মাসুদ রানা ও ফাউনটেইন গামের্ন্টসের ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হক মামলা দুটি দায়ের করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) একেএম শামীম হাসান জানান, কারখানা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার মধ্যরাতে থানায় অভিযোগ দাখিল করলে আজ বুধবার সকালে সেগুলো মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। 

তিনি বলেন, দুই মামলাতেই কারখানার ভেতরে ভাংচুর, অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা, শ্রমিকদের উসকিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করার কথা বলা হয়েছে এজাহারে।

উইন্ডির মামলার আসামিদের মধ‌্যে ওই কারখানার কাটিং অপারেটর মাসুদ (২৮) ও কাটিং সহকারী বাকেরকে (২৫) ইতোমধ‌্যে জামগড়া এলাকা থেকে গ্রেফতারও করেছে পুলিশ।

এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১২১ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে আজ সকালে কারখানার ফটকে তাদের ছবি ও নোটিস টাঙিয়ে দিয়েছে উইন্ডি অ্যাপারেলস কর্তৃপক্ষ।

জানা গেছে, উইন্ডি কর্তৃপক্ষের করা মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দেড়শ শ্রমিককে আসামি করা হয়েছে। তাদের মধ‌্যে গ্রেফতার মাসুদ ও বাকেরের নামও রয়েছে।

অন্যদিকে, ফাউনটেইন গামের্ন্টসের করা মামলাতেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে সেখানে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম ১৬ হাজার টাকা মজুরির দাবিতে কাজ বন্ধ রাখা আশুলিয়ার অর্ধশতাধিক পোশাক কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে সরকার ও মালিক সমিতির কঠোর অবস্থানের মধ‌্যেই দুই কারখানার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল।

এমবি