রাজবাড়ীর পাংশা থেকে অস্ত্র-গুলিসহ আলী জামান (৪০) ও ইদ্রিস বিশ্বাস (২৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, গ্রেফতার আলী জামান পাংশার নিষিদ্ধ চরমপন্থী অমল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড এবং ইদ্রিস বিশ্বাস তার সহযোগী। তাদের কাছ থেকে তিনটি বিদেশী একনলা বন্দুক, একটি দেশী একনলা বন্দুক, দু’টি দেশী ওয়ান শুটারগান ও ৭টি কাতুজ উদ্ধার করা হয়েছে।

উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা হাইস্কুলের দক্ষিণ পাশের পুকুর পাড় থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আলী জামান পাংশা থানার বহলডাঙ্গা গ্রামের মৃত আজাহার মণ্ডলের ছেলে এবং ইদ্রিস বিশ্বাস খামারডাঙ্গা গ্রামের আলিমুজ্জামানের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন ড্রিল শেডে পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির সাংবাদিকদের জানান, রাজবাড়ী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বহলডাঙ্গা হাইস্কুলের পুকুর পাড় থেকে নিষিদ্ধ চরমপন্থী অমল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আলী জামান ও তার সহযোগী ইদ্রিস বিশ্বাসকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিনটি বিদেশী একনলা বন্দুক, একটি দেশী একনলা বন্দুক, দুটি দেশী ওয়ান শুটারগান ও ৭টি কাতুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পাংশা থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

কেএইচ