ফেনীর মোহাম্মদ আলী বাজারে যুবলীগ নেতার হাতে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্মঘট পালন করছে যমুনা বাসের মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় যমুনা বাস কর্তৃপক্ষ।
বাড়তি চাঁদা না পেয়ে সোমবার রাতে যুবলীগের এক নেতা মহিউদ্দিন যমুনা বাসের এক শ্রমিককে মারধর করেন। এরই প্রতিবাদে কুমিল্লা থেকে ফেনি রুটে চলাচল করা যমুনা বাসের মালিক-শ্রমিকদের ধর্মঘট চলছে।
যুবলীগ নেতা পরিচয়দানকারী মহিউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা পরিচয়দানকারী মহিউদ্দিন প্রতিটি যমুনা বাস থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিত। যমুনা পরিবহনের ৫৮টি বাস রয়েছে।
সোমবার থেকে ওই নেতা চাঁদার পরিমাণ বাড়িয়ে ৩০ টাকা দাবি করে। গত রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজারে এক বাসের হেলপার যুবলীগ নেতা মহিউদ্দিনকে ৩০ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মহিউদ্দিন ওই বাসের শ্রমিককে বেদম মারধর করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যমুনা বাসের মালিক-শ্রমিকরা সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। সকাল থেকে কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে ফেনীর উদ্দেশে যমুনা সার্ভিসের কোনো বাস ছেড়ে যায় নি।
যমুনা বাস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





