ফেসবু স্ট্যাটাস দিয়ে জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার ১৩ নাম্বার সেক্টরের নিজ বাড়ীর সামনে থেকে নিখোঁজ হয় বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
স্ট্যাটাসের এক অংশে মেয়র রুকুনুজ্জামান উল্লেখ করেন, “নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে আমাকে হত্যা করা হলেও " তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা "।”
মেয়র রুকুনজ্জামানের ব্যক্তিগত সহকারী (গানম্যান) শিহাব মুঠোফোনে জানান, সকাল সাড়ে ৯টার দিকে মেয়র স্যার ‘স্থানীয় পার্কে জরুরী কাজ আছে’ বলে বাসা থেকে একাই হেঁটে বের হন। এ সময় পৌরসভার অফিসিয়াল মোবাইলটিও বাসার রুমে রেখে যান। দুপুর ২টা পর্যন্ত তিনি ফিরে না এলে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মেয়র রুকুনুজ্জামানের ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু নিম্নে দেওয়া হলো-
“তোমাদের এই ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবোনা। তোমাদের এই ভালোবাসার কাছে মনে হয় আমি হেরে গেলাম bcoz আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তারপরেও বলতে চাই " ভলোবাসি ভালোবাসি " এই ভলোবাসা নিয়েই সব কিছু জয় করতে চাই এবং এই ভালোবাসা নিয়েই মরতে চাই।
নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে আমাকে হত্যা করা হলেও "তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা"।
মোহাম্মদ রুকুনুজ্জামান (রুকন)
মেয়র
সরিষাবাড়ী, জামালপুর।”
তারা বড় ভাই সাইফুল ইসলাম টুকন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়রি (নাম্বার ১৬১১) করেছেন। এ খবর সরিষাবাড়ীতে ছড়িয়ে পড়লে তার সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। নিখোঁজ মেয়র রুকুনুজ্জামানকে উদ্ধারের দাবীতে রাত ৮টায় পৌরভবনে প্যানেল মেয়র মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভা করে কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা। তারা অবিলম্ভে পৌর মেয়র রুকুনুজ্জামানকে উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
মেয়রের ভাই সাইফুর ইসলাম টুকন জানান, সরিষাবাড়ীতে রাজনীতি, পৌর নির্বাচন ও নির্বাচন পরবর্তীতে তাঁর অনেক শত্রু সৃষ্টি হয়েছে। তবে ঠিক কি কারণে রুকুনুজ্জামান নিখোঁজ হয়েছে বুঝতে পারছি না। আমার ভাইকে সুস্থ্য অবস্থায় ফেরত পাওয়ার দাবী জানাচ্ছি।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, পৌর মেয়র রুকুনুজ্জামান নিখোঁজের ঘটনায় তার ভাই সাইফুল ইসলাম সন্ধ্যায় থানায় একটি জিডি করেছেন। এনিয়ে আমরা তদন্ত করছি। তার সন্ধান পেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।
এমবি





