কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের খলিসাকুন্ডি বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিজার পরিবহনের একটি বাসে এ হামলা হয়। এতে ওই বাসের চালকসহ ৪ যাত্রী আহত হয়।

এদিকে, এ ঘটনায় পুলিশের সহযোগিতা না পেয়ে ও হামলার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টিজার পরিবহনের চালক বোমা হামলায় আহত বাবু বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে মেহেরপুর যাচ্ছিলেন। বাসটি মিরপুর উপজেলার কাতলামারি পাঁচ পিরতলা এলাকায় আসার পর একদল ডাকাত বাস লক্ষ্য করে পরপর ৪টি বোমা ছুঁড়ে মারে।

এতে বাসের ৮টি গ্লাস ভেঙে যায়। তিনিসহ ৪ জন আহত হন। তবে কানো অবস্থা গুরুতর নয় বলে তিনি জানান।

তিনি আরো জানান, বোমা ছোড়ার পর দ্রুত বাসটি স্থানীয় খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পে ঢুকিয়ে দেন। ক্যাম্পের ইনচার্জ হান্নানকে রোডে ডাকাতি হচ্ছে জানালে তিনি গালাগাল ক্যাম্প থেকে গাড়িসহ তাদের বের করে দেন।
পরে বিষয়টি অন্যান্য পরিবহন শ্রমিকদের জানালে তারা সড়ক অবরোধ করে।

এ সময় এলাকাবাসীও তাদের সাথে যোগ দেয়। পরে অবরোধকারীরা পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের সাথে বাস মালিক-শ্রমিকদের আলোচনা সাপেক্ষে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের ইনচার্জ হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছি বলে ফোনের লাইন কেটে দেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা জানান, ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ