নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওহিদুর রহমান ও তার ভাই শাহীন রহমান হত্যাকাণ্ডের ঘটনায় আটক আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার  বিকালে নওগাঁ জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে, দুপুরে নওগাঁ সদর মডেল থানা পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সমীর সূত্রধর বিষয়টি  নিশ্চিত করেছেন। পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর বিষয়টি  নিশ্চিত করেছেন।

রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন- আব্দুর রহমান (৩২), মহাতাব উদ্দীন (৩০), রিপন (২৭), আফছার আলী সরদার (৩৮), মুক্তার সরদার (৩২), লোকমান হোসেন (৩০), এরশাদ আলী (৩৫), ও মোতালেব হোসেন (৩৫)।

ওসি জানান, সোমবার আসামিদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে।

তিনি আরো জানান, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।

রোববার রাত ১২টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওহিদুর ও তার ছোট ভাই শাহীন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় সহোদর শহিদুল ইসলাম বাদী হয়ে ২৬ জনকে আসামি করে সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেন।

জেআই