আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পোশাক শ্রমিক আহতের প্রতিবাদে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের চলমান ২০টি গাড়ি নির্বিচারে ভাঙচুর করেছে শ্রমিকরা। পরে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার আনজির অ্যাপ্যারেলস পোশাক কারখানার কয়েকজন শ্রমিক কারখানা থেকে বের হয়ে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তাপার হচ্ছিলেন। এ সময় আশুলিয়ার ডিইপিজেড থেকে ছেড়ে আসা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক শ্রমিককে ধাক্কা দিলে শ্রমিকদের সঙ্গে ওই বাসের চালক ও হেলপারের কথাকাটাকাটি হয়। পরে এ খবর কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে আনজির অ্যাপারেলস গার্মেন্টেসের শতাধিক শ্রমিক ঘটনাস্থলে ছুটে এসে আলিফ পরিবহনের দু’টি বাসে ব্যাপক ভাঙচুর চালায়।

একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে চলমান আরও ১৮টি ছোট বড় গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘বাসের ধাক্কায় শ্রমিক আহতের প্রতিবাদে মহাসড়কে যানবাহন ভাঙচুর করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

ভাঙচুরের ফলে বেশ কিছু যানবাহন আটকা পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেআই