বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন, দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় লাখ লাখ বনী আদম খোলা আকাশের নীচে সহায়-সম্বলহীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। এ সমস্ত অসহায় দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই ঈমানী ও নৈতিক দায়িত্ব।

আজ সকালে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকারী বেসরকারী ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সকলকেই দল-মত নির্বিশেষে বানভাসী দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। অথচ রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্গতদের পাশে প্রয়োজনমত না দাঁড়িয়ে কেবলমাত্র রাজনৈতিক বক্তব্য ও কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত। এটা আদৌ কাম্য নয়।

নেতৃবৃন্দ বলেন, মসজিদ মিশন সামর্থের আলোকে সব সময়ই অসহায় মানুষের পাশে ছুটে যায়। আমরা মসজিদ মিশনের সকল শাখা দায়িত্বশীলদের আবারো অনুরোধ করছি আপনারা সামর্থবানদের থেকে ত্রাণ সংগ্রহ করে স্থানীয়ভাবে দুর্গতদের মাঝে তা বিতরণের ব্যবস্থা করুন।

দুর্গত শত শত মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, গুড়, মুড়ি, লবন ইত্যাদি প্যাকেট বিলি করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন জেলার দুর্গত বানভাসী মানুষের পাশে সাহায্য করার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শিবালয় উপজেলা বানভাসী দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুদ্দীন ডিউক, মুফতি তাজুল ইসলাম কাওসারী, মাওলানা তেজারত হোসেন, জনাব শফিকুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া মসজিদ মিশন জেলা, থানা নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ।

এফএফ