বগুড়ায় পাখি ধরতে গিয়ে নদীর পাড় ভেঙে মাটিচাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাতলা উপজেলার রাধাকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে বাক প্রতিবন্ধী শাকিল হোসেন (১৪) ও একই গ্রামের পুটু মিয়ার ছেলে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রুহুল আমিন (১২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে শাকিল ও আমিন গ্রামে যমুনা নদীর তীরে ঘাস কাটতে যায়। ঘাস কাটা শেষে তারা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এক পর্যায়ে নদীর পাড় ধসে তারা চাপা পড়ে। এরপর থেকে দু’জন নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে তাদের লাশ নদীতে ভাসতে দেখা যায়। স্বজনরা লাশ দুটি উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ তাদের বাড়িতে যায়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ।
এমবি





