মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরের খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। হৃদয় ওই এলাকায় সড়কের পাশে সবজি বিক্রি করত।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন বগা ওরফে ‘বিহারি বগা’র কার্যালয়ে বিরোধ মীমাংসার কথা বলে হৃদয়কে ডেকে নেওয়া হয়েছিল। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে ছুরিকাঘাত করা হয়। পরে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাসায় ফিরে ভাত খেতে বসেছিল হৃদয়। এ সময় কামরুল নামে এক যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যান। প্রায় আধা ঘণ্টা পর হৃদয়ের দৃষ্টিপ্রতিবন্ধী বাবা জানতে পারেন, তালতলা এলাকায় তার ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।

পরে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, হৃদয়ের বাবা প্রায় অন্ধ হওয়ায় বাবার দোকানেই সে সবজি বিক্রি করত। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও ছিল না বলে দাবি করেছেন স্বজনরা।

পুলিশের তথ্য অনুযায়ী, ওয়্যারলেস কলোনির বাসিন্দা ৪২ বছর বয়সী ওয়াকিল হোসেন বগা ওরফে ‘বিহারি বগা’র বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৯টি মামলা রয়েছে। পুলিশের নথিতে তাকে শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় রাখা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৮ জুন তাকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে পদ হারানোর পরও এলাকায় তার রাজনৈতিক প্রভাব রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার পেছনে বিরোধের প্রকৃত কারণ ও ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এস