গাজীপুরে নিজ ঘরে বাবা-মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

পোড়াবাড়ি থেকে নগপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের উভয়পাশে দাঁড়িয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন স্থানীয় ৩০টি স্কুলের শিক্ষার্থীরা। এ সময় এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দেন। পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করে রাখা হয়।

শাহ সুফি ফসিউদ্দিন স্কুলের প্রধান শিক্ষক সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন কাউন্সিলর এ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম, খালেক আকন্দ প্রমুখ।

সানাউল্লাহ সরকার বলেন, ‘আঁখি আক্তার ও তার বাবার নৃশংস হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেছে। এখনো কোনো আসামী গ্রেফতার হয়নি। এ কারণে আমরা ব্যথিত ও ক্ষুব্ধ।’
আসামীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রসঙ্গত, গাজীপুরের উত্তর সালনায় বৃহস্পতিবার ভোরে ঘরে ঢুকে দশম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তারকে (১৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা সাইফুল ইসলামকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সকাল ১১টার দিকে তিনিও মারা যান।

নৃশংস এ হত্যাকাণ্ডের শোক সইতে না পেরে মঙ্গলবার ভোরে আঁখির দাদা আলাউদ্দিন (৭৫) হৃদরোগে অক্রান্ত হয়ে মারা যান।

জেআই