বিপ্লব ও সংহতি দিবসে জনসভা করার জন্য পুলিশ প্রশাসন থেকে অনুমতি পায়নি চট্টগ্রাম মহানগর বিএনপি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিএনবি নেতারা ঘোষণা দিয়েছেন, নির্দিষ্ট স্থানে সমাবেশের অনুমতি না দিলেও দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে যেকোনো কিছুর বিনিময়ে সমাবেশ করবে বিএনপি।

চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে জনসভা করার জন্য নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বর এবং নগরীর কাজীর দেউড়ি চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ১০ থেকে ১২ দিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে লিখিত আবেদন করা হয়।

এ দুই স্থানে সমাবেশের ব্যাপারে সিএমপির সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় বিকল্প হিসেবে রোববার নগরীর মুসলিম ইনস্টিটিউট হল বুকিং দেয় নগর বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানেও সমাবেশ করা যাবে না বলে জানানো হয়।

এদিকে সিএমপির সূত্রে জানা যায়, ঢাকার বিষয়টা মাথায় রেখে এখন পর্যন্ত বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। চট্টগ্রাম নগরীর কোথাও বিএনপিকে প্রকাশ্যে কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোরে তাদের কর্মসূচি পালন করার সুযোগ দেওয়া হবে। তারা চাইলে ইনডোরে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে। তবে তাতেও সীমাবদ্ধতা আছে বলে সূত্র জানায়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, মহানগর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের অনুমতি না পেলে আলোচনাসভা করা হবে। তবে সিএমপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন অনুমতি দিক আর না দিক বিএনপির সমাবেশ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য (অপরাধ ও অভিযান) জানান, অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়ার পরে জানাতে পারবো।

উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে দলটি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনুমতি চেয়েছে। কিন্তু সেখানেও এখন পর্যন্ত তাদের অনুমতি দেয়নি ডিএমপি।

মাসুম/জেড