জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০১৯’ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ (২৫ মার্চ) সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দেন প্রধানমন্ত্রী।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিচ্ছে সরকার।  

১০ মার্চ মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনীতি) মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

‘স্বাধীনতা পুরষ্কার-২০১৯’র জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জি. মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, মরহুম আবদুল খালেক (মরণোত্তর)।

এছাড়া, মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর), ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, ড. কাজী খলীকুজ্জমান আহমদ, মুর্তজা বশীর, হাসান আজিজুল হক, অধ্যাপক ড. হাসিনা খান ও একটি প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ সফিউল আলম।

স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

এমবি