দেশব্যাপী ২০ দলের হরতাল-অবরোধ চলাকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রধান বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দু’টি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় রতন (১৮) নামে এক বাস হেলপার দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।
পুলিশ সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌর শহরের আমুট্র এলাকার বাস টার্মিনালে দুই যাত্রীবাহী বাসে হেলপাররা ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ দুটি মোটরসাইকেলযোগে ৬ জনের একটি দূর্বত্তের দল বাস দু’টির জানালার গ্লাস ভাঙচুর করে ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রতন নামে এক হেলপার দগ্ধ হয়েছেন।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার ভোরের দিকে এ নাশকতার ঘটনা ঘটে। এতে আহত রতন বগুড়ার দুপচাচিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আজগর আলীর ছেলে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল হক বলেন, রোগীর শরীরের ৮ ভাগ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
এআর





