কক্সবাজারে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় মোহাম্মদ শাহীন নামের একজনকে উদ্ধার করা হয়েছে। তবে আরো ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তি।

সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়ারবঙ্গোপসাগরের মোহনায় বিধ্বস্ত ট্রলারটি ভেসে আসে।

স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ করে মোহনায় বিধ্বস্ত ট্রলারটি ভেসে আসে। এ সময় ট্রলার থেকে মুমূর্ষু অবস্থায় শাহীনকে ‌উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর একটি চক্র বিধ্বস্ত ট্রলারের ইঞ্জিন ও মালামাল লুট করা শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেজানায়, বিধ্বস্ত ট্রলারের মালামাল জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ট্রলার যাত্রী শাহীন জানান, তিনি নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাসকান্দা গ্রামের জহিরুল হকের ছেলে। ট্রলারে তার ভাই জয়নাল ও তিনিসহ ৩০ জন লোক ছিলেন। তারা মালয়েশিয়া যাত্রাকালে উত্তাল সমুদ্রের ঢেউতে সোমবার সকালে ট্রলারটি বিধ্বস্ত হয়।

তিনি আরো জানান, ট্রলারটি বিধ্বস্ত হয়ে ডুবে গেলে তারা ১০ জন তীরে আসতে পারলেও বাকিদের বিষয় কিছুই জানা যায়নি।

ঢাকা,৪আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই