কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে কুলাউড়ায় কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর পাশে প্রবেশের আগ মুহূর্তে বগি লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন

স্থানীয়রা জানায়, শনিবার সকালে কুলাউড়া জংশনের কাছে কালনী এক্সপ্রেসে একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করলে কয়েকজন যাত্রী আহত হন।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত কালনী এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। মেরামত শেষে সকাল ১০টার দিকে স্টেশন ত্যাগ করে ট্রেনটি।

উল্লেখ্য, ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।

জেড