সাভারে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নিরাপত্তা কর্মী রহস্যজনকভাবে নিহত হয়েছে। নিহতের নাম নবী হোসেন (৪৫)। তিনি বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে।
সোমবার সকালে সাভারের পার্বতীনগর মহল্লায় অবস্থিত সাইফুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবন থেকে পড়ে তিনি নিহত হন। সাইফুল ইসলাম এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মালিকের শ্যালক।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, নিহত নবী হোসেন দীর্ঘ্যদিন ধরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে আসছিল। সোমবার সকালে এনাম মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল-১ এর নির্মানাধীন ভবনের ৭ তলায় পানি দিতে গিয়ে পা পিছলে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় নিহতের নাম পরিচয় জানতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে প্রতিষ্ঠানটির কর্মচারীরা বিষয়টি আড়াল করার চেষ্টা করেন। এছাড়া তারা সংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
জানতে চাইলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মী আব্দুল মালেক জানান, নিরাপত্তা কর্মীর কাজতো পানি দেওয়া নয়। তবে কি কারনে তিনি নির্মানাধিন ভবনে পানি দিতে গিয়েছিলেন তা আমার জানা নাই।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





