বরিশালের রূপাতলী এলাকায় অটোচালক জালাল খান (২৮) হত্যার দায়ে ৬ আসামিকে আটক করেছে পুলিশ। গাজা ক্রয়ের জন্য মাত্র ১০০ টাকার জন্য এ হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের দাবি।
এ ব্যাপারে আজ রোববার দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানান বিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর বরিশাল নগরীর রূপাতলীর জলপাইতলায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশালসহ উজিরপুর, বানারীপাড়া, কুমিল্লা, নোয়াখালী ও ভান্ডারিয়ার এলাকায় অভিযান চালিয়ে ৬ আসামিকে আটক করা হয়েছে।
এরা হলো আল আমিন, সবুজ হাওলাদার, সোলাইমান, আল ইমরান মিসেল, জেমিন ও রাব্বি। এদের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।
তিনি আরো বলেন, হত্যাকারীরা মাদকাসস্ত। ওই দিন গাঁজা কেনার জন্য ১০০ টাকার প্রয়োজন ছিল ওদের। ওরা বরিশাল থেকে বাসের ছাদে করে ঝালকাঠিতে যায়। রাতে ২৫০ টাকা ভাড়া ঠিক করে জালালের অটোরিকশায় চরে বরিশালের রূপাতলীতে আসে। সেখানে জালালকে শ্বাসরোধ করে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জালালের ভাই দুলাল খান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। বরিশাল কোতোয়ালি থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করে।
এমএনজে





